খালেদ মাহমুদের অবস্থার কিছুটা উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, সোমবার, ৩১ জুলাই ২০১৭ | ১০৬০

খালেদ মাহমুদ।জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, আইসিইউতে থাকলেও মাহমুদের লাইফ সাপোর্ট আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর শরীর সাড়া দিচ্ছে। একটা এমআরআই করে তাঁর আসল অবস্থাটা বোঝা যাবে। তবে রাতের তুলনায় তাঁর অবস্থার কিছুটা উন্নতি তো হয়েছেই। এর আগে গত শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদ মাহমুদকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গতকাল রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খালেদ মাহমুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।