'২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৭০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষই বিদ্যুৎ সেবা পাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে খরচ হচ্ছে ৬ টাকা ২০ পয়সা করে, তবে বিক্রি হচ্ছে ৪ টাকা ৮২ পয়সা করে। সবাইকে এ সেবার আওতায় আনতে ভর্তুকি দেয়া হচ্ছে।

বিদ্যুৎ চাহিদা মেটাতে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মাধ্যমে নেপাল-ভুটান থেকেও বিদ্যুৎ আনা হবে। এসময় তিনি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।