মার্কিন বিমান বাহিনীর সার্ভারে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ৬৯

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর (ইউএস এয়ারফোর্স) গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। ফলে সামরিক কৌশল, জনবল ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে অবগত অন্তত দুজন জানান, প্রায় এক মাস আগে সিস্টেমটি উন্নত করার কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় পুরো প্লাটফর্মের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, অনুপ্রবেশের পরিধি কতটা বিস্তৃত কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কিনা, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও কার্যক্রমের সক্ষমতা সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।