গাজায় ইসরায়েলি হামলায় দুই কর্মী নিহতের তথ্য জানাল এমএসএফ
গাজার একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) দুই কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।
এমএসএফের দাবি, তাদের একটি ক্লিনিকে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ক্লিনিকটির অবস্থান সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী অবগত ছিল।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, নিহত দুজন হামাসের সদস্য ছিলেন। তারা এমএসএফ পরিচালিত একটি ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসাসংক্রান্ত অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেছে আইডিএফ।
গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, অন্যের জীবন বাঁচাতে যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দেয়া উচিত, হামলা করা নয়।
এমএসএফ জানিয়েছে, নিহত দুজনই তাদের ক্লিনিকের নিরাপত্তারক্ষী ছিলেন। এ নিয়ে গাজায় সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তাদের স্থাপনায় এমএসএফের লোগো স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং ক্লিনিকটির অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। বাহিনীটি এ বিষয়ে অবগতও ছিল।
অন্যদিকে, এক্সে দেওয়া পোস্টে আইডিএফ নিহত দুজনের নাম আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলী আবু হাসিরা ও মোয়াজ ইউসেফ আলিতসবাখ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, ওই দুজন হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি বাহিনী আরো বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে হামাস কাজ করছে—এ ঘটনার মধ্য দিয়ে তার আরেকটি উদাহরণ পাওয়া গেল।
আইডিএফের ভাষ্য, গাজা সিটিতে হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিহত দুজন ইসরায়েলের বেসামরিক নাগরিক ও আইডিএফের সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন বলেও দাবি করেছে বাহিনীটি।
