এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং। তার পদত্যাগের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তাকে হারাল প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এআই খাতে শক্তিশালী অবস্থান তৈরি করা চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হলো। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হুয়াং প্রতিষ্ঠানটির প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ শেয়ারের মালিক। তিনি প্রতিষ্ঠানটির চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী। পদত্যাগের পর পরিচালনা পর্ষদেও থাকছেন না তিনি।
সম্প্রতি হুয়াংকে ঘিরে চাপ বাড়ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী বিবাহিত হুয়াংয়ের সঙ্গে এক চীনা নারী ব্যবসায়ীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ওই নারী ব্যবসায়ীর বিরুদ্ধে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা জানান, বুধবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বৈঠক করে। এর আগে বুধবারই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই কর্মকর্তা সরাসরি তার অধীনে কাজ করতেন।
হুয়াংয়ের বিদায়ে ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে ব্যাহত হতে পারে এআই খাতের বিস্তৃত ব্যবসায়িক কাঠামো। এনভিডিয়ার বিপুল পরিমাণ নগদ অর্থ ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং এআই খাতের বড় গবেষণাগারগুলোতে বিনিয়োগ করে এই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হুয়াং।
তার পদত্যাগের প্রভাব যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নীতিতেও পড়তে পারে। বিশেষ করে চীনের বাজারে এনভিডিয়ার প্রবেশাধিকার বজায় রাখার পক্ষে হুয়াংয়ের অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এ নীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
