নাগরপুরে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১২৬

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬ সালের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৯৫ মেট্রিক টন ধান ও ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নাগরপুর খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্যগুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ ( নাগরপুর-দেলদুয়ার ) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির।

এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে ২৯৫ মেট্রিক টন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ২২০ মেট্রিক টন সংগ্রহ করা হবে। সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করা।