নাগরপুরে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭ পিএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ৭২৯

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অাজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের ধলাপাড়া নামক এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, উপজেলার ঘিওয়কোল গ্রামের রেজাউলের স্ত্রী আছিয়া বেগম (২৮) বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বাড়ী থেকে প্রাত: ভ্রমনের উদ্দেশ্যে বের হয়।

সে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ধলাপাড়া নামক স্থানে পৌছলে সেখানে পাকা রাস্তার পাশে নবজাতকের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। এসময় সে (আছিয়া) ডাক চিৎকার করতে থাকে।

পরে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতক ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করে।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা জানান,এখন পর্যন্ত নবজাতক শিশুর পরিচয় পাওয়া যায়নি। তবে কে বা কারা এই নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নাগরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশ।