১০০০ মিসরীয় হজ করবেন সৌদি বাদশাহর অতিথি হিসেবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, রোববার, ১২ আগস্ট ২০১৮ | ৭২৫

মিসরের পুলিশ এবং সশস্ত্র বাহিনীগুলোর শহীদদের পরিবারের সদস্যদের মধ্য থেকে এক হাজার জনকে চলতি বছর হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

বাদশাহ সালমানের অতিথি হিসেবে তারা সৌদি এসে হজ পালন করবেন। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিসর থেকে আসা এক হাজার হজযাত্রীর দেখভাল করবে বলে জানা গেছে।

এছাড়া এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের দেশগুলো থেকেও বাদশাহ সালমানের অতিথি আসার কথা রয়েছে। গত মাসেই বাদশাহ নির্দেশ দিয়েছেন, ইয়েমেনের সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর শহীদদের পরিবারের সদস্যদের মধ্যে দেড় হাজার জনকে হজ পালনের আমন্ত্রণ জানানোর জন্য।

গত ২২ বছর ধরে হাজার হাজার হজযাত্রী সৌদি বাদশাহর আমন্ত্রণে হজ পালন করেছেন। সৌদি কর্তৃপক্ষ মনে করে, যেসব পরিবারের সদস্য দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবিত থাকলে তাদের বদৌলতে পরিবারের সদস্যরা হজ পালন করতে পারতো। সেই সুবিধা দেওয়ার চেষ্টা করছে সৌদি প্রশাসন।