বেলজিয়ামে পুরনো বাড়ি সংস্কারের সময় মিলল ৯০ লাখ ইউরো মূল্যের স্বর্ণ
বেলজিয়ামে একটি বাড়ি সংস্কার করার সময় এর দেয়ালের ভেতর থেকে প্রায় ৯০ লাখ ইউরো মূল্যের স্বর্নের বার ও মুদ্রা উদ্ধার করেছেন নির্মাণ শ্রমিকরা। তবে বিপুল পরিমাণ এ সম্পদের মালিক কে, তা এখনো জানা যায়নি। খবর বিবিসি।
জানা গেছে, পূর্ব ফ্ল্যান্ডার্সের একটি বাড়ির ভূগর্ভস্থ অংশে নতুন পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য খোঁড়াখুঁড়ির সময় এ গুপ্তধনের সন্ধান মেলে। ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীসহ নির্মাণকর্মীরা প্রথমে মুদ্রাগুলোকে সাধারণ ইউরোর মুদ্রা মনে করেছিলেন। পরে স্বর্ণের একটি টুকরা দেখে তারা বুঝতে পারেন, এটি বড় কোনো গুপ্তধন।
নির্মাণকর্মীরা দ্রুত পুলিশকে খবর দেন। তারা জানান, এত বিপুল স্বর্ণ নিজেদের কাছে রাখা সম্ভবও নয়। কারণ আইনগতভাবে এটি চুরি হিসেবে গণ্য হতে পারে।
এদিকে খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ উদ্ধার করা সব স্বর্ণ নিরাপদ সরকারি হেফাজতে সরিয়ে নিয়েছে এবং এর উৎস অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ওই নির্মাণ স্থানে এসে নতুন করে গুপ্তধন না খোঁজার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বেলজিয়ামের প্রচলিত আইন অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে এ স্বর্ণের কোনো আইনানুগ মালিক পাওয়া না গেলে বা কোনো অপরাধের যোগসূত্র না থাকলে এর মালিকানা সমানভাবে আবিষ্কারক শ্রমিক ও ভবনটির মালিক পক্ষ লাভ করবেন।
