হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | ১২৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশু ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময়ে ৭০ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭২৮। এছাড়া ৭০০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ৭৭৬ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী, যাদের মধ্যে এক লাখ ১৯ হাজার ৮৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।