৪২ হাজার যানবাহন পারাপার

যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, রোববার, ২৯ মার্চ ২০২৬ | ৬৫

ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছে মানুষ।  এতে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা। 

রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয় নিশ্চিত করেছেন। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার  রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে  ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী  ২৪ হাজার ৩৩৮ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬শ’ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত কয়েকদিনে রাজধানীতে ফিরতে মানুষের চাপ ছিলো। এতে সেতুর উপর একাধিক দুর্ঘটনা ঘটে৷  যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়েছিলো । 

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।