মেক্সিকোর ফুটবল মাঠে গুলিবর্ষণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ | ৬৩

মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যে ফুটবল খেলা চলাকালীন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত রোববার বিকালে সালামানকা পৌরসভার লাস ফ্লোরেস নামক এলাকায় স্থানীয় একটি অপেশাদার ফুটবল ম্যাচ চলাকালে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। খবর এএস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিনে মাঠে অনেক মানুষ খেলা উপভোগ করতে জড়ো হয়েছিলেন। খেলা চলাকালীন একদল সশস্ত্র লোক অতর্কিতে মাঠে ঢুকে গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সালামানকার মেয়র জুলিও সিজার আর্নেস্টো প্রিয়েটো গ্যালার্দো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, ‘সালামানকা এবং পুরো অঙ্গরাজ্যজুড়ে যে সহিংসতার ঢেউ চলছে, এই হামলা তারই অংশ। অপরাধী চক্রগুলো প্রশাসনকে দমানোর চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না।‘ তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।

প্রসিকিউটর অফিস জানিয়েছে, তারা এরইমধ্যে ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে এবং তাদের শাস্তির আওতায় আনতে ফেডারেল ও স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। তবে হামলার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।