কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | ৫৮৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। 

আব্দুল হালিম মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দল, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।