ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ পিএম, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | ৫৭২

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছের সাথে আমাদের সর্ম্পক অত্যন্ত নিবিড়। গাছ না বাঁচলে আমরা বাঁচবো না। আমাদের স্বার্থেই এই গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে। যদি সৌন্দর্যবর্ধক বৃক্ষ হয়- তাহলে এটির প্রতি মানুষের আকর্ষণ থাকে। যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি তাদের মানষিক প্রশান্তি অন্য জায়গার চেয়ে বেশি থাকে। পরিবেশ রক্ষার যে কর্মসুচি শুরু হয়েছে এটি শুধু ঢাকা বিভাগ না, সারাদেশেই চালু হওয়া উচিত। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) টাঙ্গাইলের এক হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি-বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে একযোগে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু জাতের চার হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন সরকারের বিষয়। আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি। সরকারের যেভাবে নির্দেশনা থাকবে আমরা সেভাবে কাজ করবো। যখনই নির্বাচন হোক, আমরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং মানুষের আস্থা অর্জন করতে সচেষ্ট থাকবো। 

এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।