কম্পিউটারের দোকানে জাল কাগজপত্র তৈরির অভিযোগে আটক ২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, বুধবার, ৩ জুলাই ২০২৪ | ৭৭৩

ভুয়া এসএ, বিআরএস খতিয়ান, নামজারী খতিয়ান, ডিসিআর তৈরি করে প্রতারণার অভিযোগে, টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ২টি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তিনটি সিপিইউ ও দুই জনকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (৩ জুলাই) গোপালপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুর  রশিদ বাদী হয়ে গোপালপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপালপুর উপজেলা পরিষদ গেইট সংলগ্ন রোকেয়া ডিজিটাল স্টুডিও ও ইমন কম্পিউটার এন্ড স্টুডিওতে অভিযান চালিয়ে জয়নগর গ্রামের মৃত আব্দুল মাজেদের পুত্র মো. রকিবুল ইসলাম(৩৫) ও সুতী গ্রামের তারা মিয়ার পুত্র মনি (২২) কে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ আটক করা হয়।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। প্রতারক চক্র থেকে দূরে থেকে, জমি ক্রয় বিক্রয়ের সময় কাগজপত্র ভালো যাচাই-বাছাই করে নেওয়া উচিৎ।