নতুন ২৫৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আলেকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ | ৫৬৩

সারা দেশে নতুন করে ২৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ২১২ রোগী। ঢাকার বাইরে রোগী ভর্তির সংখ্যা ৪৪।

এতে আরও বলা হয়েছে, ১ হাজার ২৪২ রোগী বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি সর্বমোট ১০৮৮ রোগী। 

অন্যান্য বিভাগে রোগী ভর্তি আছেন ১৫৪ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ১২ হাজার ৬৯০ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৩৯৫ জন। সারা দেশে ডেঙ্গুজনিত রোগে মৃত্যু হয়েছে ৫৩ জনের।