ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ | ৭২৪

ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার বেল্টুর মোড় নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাখি ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়লে অপরদিক থেকে আসা একটি আলমসাধু মোটরসাইকেল আরোহীর বুকের উপরে উঠে যায়।

মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত নয়ন লস্কর(২১) ঝিনাইদহ সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের মোঃ খায়রুল লস্কর এর ছেলে।

নিহত নয়ন লস্কর ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের আইনজীবী এ্যাডভোকেট ইশারত হোসেন খোকন সাহেবের সহকারি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।