মিরপুরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৪
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। ওই ভবনে আটকে পড়া ২৪ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস। এছাড়া একজন নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে চার ইউনিট পরে আরো দুটি ইউনিট যোগ হয়ে মোট ছয় ইউনিটের চেষ্টায় বিকাল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, ভবনটিতে আগুন লাগার পর ছাদে ওঠে অনেকে। ছাদ থেকে এখন পর্যন্ত টিটিএলের মাধ্যমে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ এবং ১০ জন নারী। একজন নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।