যাত্রীবাহি বাসে ছিনতাইকালে সাবেক সেনা সদস্য আটক

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৪:৫৩ এএম, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | ৮১৫

টাঙ্গাইলের কালিহাতীতে ডিবি পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়াগামী এসবি পরিবহনে এই ঘটনা ঘটে। এসময় সাবেক সেনা সদস্যের সাথে থাকা আরো ৫জন পালিয়ে যায়। 

আটক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব আশুলিয়া থানার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন। 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলেক্স এস বি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুটি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে পাঁচজন লোক ওই গাড়িতে উঠে।

এসময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে চারজন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির চালক কৌশলে বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। 

এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে।