প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, শনিবার, ২৪ মার্চ ২০১৮ | ৫৮১
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হয় এমন নজির নেই। বাংলাদেশেও নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না।’

আজ শনিবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় (মদনপুর-জয়দেবপুর) ঢাকা বাইপাস সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা করবে। ওবায়দুল কাদের বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে তাদের যেতে হবে।’

এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামতকাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে।

আগামী বর্ষা মৌসুমের আগেই অর্থাৎ মে মাসের মধ্যে এই সংস্কারকাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।