কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৩০
ফাইল ছবি

ইতালি সফর থেকে ফেরার পর সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে শনিবার রাত সোয়া ৮টায় দেশে ফিরেছেন।

পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত রোববার ইতালির রাজধানী রোম সফরে যান প্রধানমন্ত্রী।


রোম থেকে বৃহস্পতিবার সকালে আবুধাবির উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে একদিন যাত্রাবিরতির পর দেশের পথে রওনা হন। সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। পরদিন আইএফএডির ৪১তম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ওইদিন বিকেলে রোমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি সফরে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।