বিশ্বে বিভাজনের রেখা ক্রমেই প্রশস্ত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া বিশ্বনেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর দ্য গার্ডিয়ান।
গুতেরেস বলেন, আমাদের বিশ্বের বিভাজনের রেখাগুলো ক্রমেই প্রশস্ত হচ্ছে। ভূরাজনৈতিক সংঘাত, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎকে বিভক্তি, লেনদেননির্ভরতা ও পারস্পরিক অবিশ্বাসের দিকে এগিয়ে যেতে না দিয়ে ‘পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে গড়ে ওঠা এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত যোগাযোগের মাধ্যমে টেকসই একটি বিশ্ব’ গড়ে তোলার আহ্বান জানান গুতেরেস।
বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবন-মৃত্যুর সিদ্ধান্ত কখনোই কোনো যন্ত্রের হাতে ছেড়ে দেয়া উচিত নয়। সেই সঙ্গে এআইকে ‘গেমচেঞ্জার’ হিসেবে উল্লেখ করে তিনি করেন, চিকিৎসা ও বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘জবাবদিহিতাহীন প্রযুক্তি’, ‘নজরদারিহীন সক্ষমতা’ এবং ‘স্বচ্ছতাহীন সিদ্ধান্ত গ্রহণ’ বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্বে এআই সক্ষমতার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র ও চীনের মানবজাতির প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। ভূরাজনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও দেশ দুটিকে কার্যকর যোগাযোগের চ্যানেল স্থাপন এবং এআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে অভিন্ন নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
