শপথ নিলেন চার নতুন মন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ৩৬

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরো চারজন যুক্ত হলেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাদের শপথবাক্য পাঠ করানো হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রিসভায় আসা নতুন চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং রশিদুজ্জামান মিল্লাত।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বঙ্গভবনের দরবার হলে এ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রমুখ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।