তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে তাকে দ্বিপক্ষীয় সফর এবং আসন্ন ব্রিকস সম্মেলন—উভয় উপলক্ষেই ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী (বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি) শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠানো এবং ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে এই মঞ্চ থেকে আমরা আমাদের অনস্থান জানিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং নতুন কিছু জানানোর থাকলে আপনাদের জানিয়ে দেব। আর হাদির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, তদন্ত চলছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের প্রধানদের এতে আমন্ত্রণ জানানো হয়। এর প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ওই অধিবেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।
