৩১২ বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও পাস করেনি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ৫৭

গত বছরের তুলনায় ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এবার সারা দেশে মোট ৩১২টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০২৫ সালে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি।

আজ সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

এবার সারা দেশে গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ২০০৭ সালের পর এবারই পাসের হার সবচেয়ে কম।

এর আগে গত বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাশের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।