স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল' ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। খবর বিবিসি বাংলা।
বেনজীর আহমেদ জামিনের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখন শুনলাম স্টেজে বসে। খবর পেয়েই আমি হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসেডার তার সাথে কথা বলেছেন। আমরা কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টার জন্য শুধুমাত্র। তাকে ইন্সট্রাকশন দেয়া হয়েছে যেন বেইল ক্যানসেলেশনের জন্য সে পারসু করবে।’
তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদেরকে আমরা ইন্সট্রাকশন দিয়েছি যেন এ বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আইনানুগভাবে গিয়েছে আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি এবং আমরা আশা করছি এগুলা আমরা বেইল ক্যানসেল করতে পারবে এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারব।’
