আসামে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ৫
আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ সকালে জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে উড়োজাহাজটিতে থাকা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, খেমারাম কুমাওয়াত ও দানিশ আলম।
প্রাথমিক তথ্যানুযায়ী, একটি এএন-৩২ বিমান অবতরণের সময় জোরহাট বিমান বিমানঘাঁটির স্টেশনের অভ্যন্তরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অগ্রগতি হলে আরো তথ্য প্রকাশ করা হবে।
