ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, শনিবার, ১৩ জুন ২০২৬ | ৪৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও এলামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে   ‘এআই ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও টেক্সটাইল ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার।

‎সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জার্মানির হকশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এ টেকনিক্যাল টেক্সটাইলস বিষয়ে অধ্যয়নরত মো. শরিফুর রহমান রাকেশ। 

প্রবন্ধে তিনি টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। 

‎বক্তারা বলেন, বিশ্বব্যাপী টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে। উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, মান নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনা এবং ফ্যাশন ডিজাইনে এআইয়ের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে।