বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাক তার ছেলেকে বিয়ে দিয়ে খুলনার কয়রা থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক দিয়ে দ্রুতগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৪ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন মারা যান। এছাড়া আহত একজনের অবস্থা আশংকাজনক। এছাড়াও বাসের থাকা অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের আত্মীয়রা জানান, দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম (৪২), তিন ছেলের মধ্যে (বর) সাব্বির, ইমরান, আলামিন ও শ্যালিকার দুই মেয়ে পুতুল (২৩), ঐশী (২৮), কনে মার্জিয়া মিতু (২৫), তার ছোট বোন লামিয়া (১২), নানী (৫৮) ও মাইক্রোবাসের চালক নাঈম শেখ (৩৬) নিহত হন। এছাড়া নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতালে ৯ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিন শিশু, তিন নারী আর তিন পুরুষ। আরো একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।