জাতির উদ্দেশে ভাষণ
অনাচার-অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধ পরিকর: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগনের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার অনাচার-অনিয়মের সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রমজান মাস ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়- এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।
তারেক রহমান বলেন, ক্ষুদ্র-মাঝারি কিংবা ছোট-বড় সব ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কী ধরণের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যেকোনো ধরণের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা, বিক্রেতা, ও গ্রহীতা এ সরকার সবার সরকার। এ সরকার আপনাদের সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এ সরকারের শক্তি।
তিনি আরো বলেন, রোজাদাররা এ মাসে বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি- এ সময়গুলোয় নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। অফিস-আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদাতের অংশ বলেই আমি মনে করি।
