মার্কিন ঘাঁটি ও রণতরিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
তেহরানের ওপর কোনো ধরনের হামলা চালালে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী রণতরিতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানকে সতর্ক করার পর এ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। খবর আল জাজিরা।
রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিগুলোর ‘গুরুতর দুর্বলতা’ রয়েছে। উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক যানগুলো ইরানের মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সমঝোতায় না পৌঁছলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার পরিণতি গোটা অঞ্চলের জন্য ‘ধ্বংসাত্মক’ হবে।
অন্যদিকে উত্তেজনা প্রশমনের উদ্যোগ হিসেবে কাতার ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন তারা।