জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মীদের ওপর হামলা প্রতিবাদে

টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ | ১১৪

নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের সঙ্গে অসদাচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদার। বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর, ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্য রহিমা সুলতানা, গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে নারীদের নিরাপত্তা ও অবাধ রাজনৈতিক কর্মকা- নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে গোপালপুর পৌরসভার সূতী নয়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার সময় একদল নারী কর্মীর গতিরোধ করা হয়। এ সময় বিএনপি নামধারী কয়েক যুবক তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় মো. রাশিদুল ইসলাম বাদী হয়ে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।