এক ঘন্টায় এক ভোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০ এএম, মঙ্গলবার, ২১ মে ২০২৪ | ১১১৮

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই ভোটের উৎসব। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কোন কেন্দ্রে ঘন্টায় একটি আবার কোন কেন্দ্রে ১০ টি ভোট পড়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার ফলদা ইউনিয়নের মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। নেই সব প্রার্থীর এজেন্ট।

এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এক ঘন্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো জানান, কোন কোন প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

তবে স্থানীয়রা জানান, ধানকাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কম। 

প্রিজাইডিং কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম জানান, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোন কোন প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা জানেন না তিনি। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২০০।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।