বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ | ৭৪৩

বঙ্গবন্ধু সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় তিশা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. রেজাউল করিম আহত হয়েছেন। 

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত রেজাউল করিম পাবনার আতাইকুলা উপজোর মধুপুর দক্ষিণপাড়া এলাকার মো. মজনুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি জানান, তারা মোটরসাইকেল যোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে একটি বাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।