সোমবারের মধ্যেই পৌলী রেলসেতু স্বাভাবিক হবে -রেলমন্ত্রী

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১২ পিএম, রোববার, ২০ আগস্ট ২০১৭ | ১১১৯

সোমবার সকালের মধ্যেই পৌলী রেলসেতু মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করা হবে বললেন রেলমন্ত্রী মজিবুল হক।

এজন্য রেলের দক্ষ কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আসন্ন ঈদকে সামনে রেখে মানুষ যাতে স্বাচ্ছন্দে, অনায়াসে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে।

সেজন্যই যাতে সঠিকভাবে ট্রেন চলাচল করে তার জন্য যা যা ম্যাটেরিয়াল লাগে জনবলসহ সব যোগান দেয়া হচ্ছে। তিনি ২০ আগস্ট রবিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী রেলসেতু ধ্বস পরিদর্শনকালে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলে, বন্যার পানির স্রোতে এই ধ্বসের ঘটনা ঘটতে পারে । এ ছাড়াও তিনি বলেন, কি কারণে এই ধ্বসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

এটা যদি অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেন, অতিরিক্ত সচিব মুজিবুর রহমান, রেল বিভাগের মহাপরিচালক আমজাদ হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম প্রমুখ।