নাটোর ও পাবনায় ট্রেনের চোলাই জ্বালানী তেলসহ পাঁচজন আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯ পিএম, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ | ৬১২

নাটোরের লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও পাবনার ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৩০ লিটার ট্রেনের চোরাই তেল সহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ট্রেনের ৪ হাজার ৩০ লিটার চোরাই তেল, ৩টি মোবাইল ফোন ও একটি ইজিবাইকসহ ৫জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো, লালপুর উপজেলার ডহরশৈলা এলাকার মৃত সামাদ আলী মন্ডলের ছেলে আবেদ আলী মন্ডল (৫৫), মৃত নবীর আলীর ছেলে মুক্তার হোসেন, ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান (৫৫), আব্দুল গাফফারের ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত মুসা আলীর ছেলে শাহাজাদা (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত চোরাই ডিজেল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।আটককৃতদের নামে লালপুর ও ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।