ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ৬৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও মাছ ধরা বন্ধ রাখতে টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে ৬৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১০ লাখ টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে যমুনা নদীর ‘ভুতের মোড়’ থেকে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর ঘাট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর ও অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। পরে নদীতীরবর্তী জনসাধারণ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ‘ভুতের মোড়’ এবং দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর ঘাট এলাকায় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, ইলিশের প্রজনন মৌসুমে মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
