ফ্রান্সের প্রধানমন্ত্রী বায়রুর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ পিএম, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ | ৫৬৪

পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে যাওয়ার পরদিন আজ মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বায়রু’র ঘনিষ্ঠ একজন এএফপি’কে জানান, বায়রু মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাখোঁ আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বায়রু।

এর আগে গতকাল নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান বায়রু। এতে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে ফ্রান্স। সেইসঙ্গে মাখোঁর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়ে।